কুমিল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত

কুমিল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মনির হোসেন (৪৫) নামের সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। মনির হোসেন লাকসাম উপজেলার বাকই ইউনিয়নের কছরাইশ গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

শুক্রবার রাত ৯টার দিকে কুমিল্লার লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের নোড়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোজ কুমার দে।

জানা যায়, যাত্রীবেশে ছিনতাইকারীরা চালক মনির হোসেনের ওই সিএনজিতে ওঠেছিল। অস্ত্রের মুখে সিএনজিটি ছিনতাই করার চেষ্টা করে। তারা একপর্যায়ে মনির হোসেন চিৎকার শুরু করলে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।