ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী ঘোষণা করবে যুক্তরাষ্ট্র

ইরানের সামরিক বাহিনীর অন্যতম অংশ বিপ্লবী গার্ডকে একটি বিদেশি সন্ত্রাসী গ্রুপ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বরাত দিয়ে একথা জানিয়েছে এএফপি।

ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত আন্তর্জাতিক একটি চুক্তি থেকে বেরিয়ে আসার পর ট্রাম্প প্রশাসন তেহরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। এবার দেশটির শক্তিশালী এই বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদপত্রটি জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন খুব শিগগিরই এই বিতর্কিত সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছে।

ইসলামী বিপ্লবের ১৯৭৯ সালের পর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী গঠন করা হয়।

বিপ্লবী গার্ডকে ইরানে একটি শক্তিশালী বাহিনীতে পরিণত করা হয়েছে। ইরানের এ বাহিনী গঠনের পেছনে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থ রয়েছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, পেন্টাগন ও সিআইএ’কে এ পদক্ষেপের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। বলা হচ্ছে, ইরানের অর্থনীতির আরও ক্ষতি করা ছাড়া এটি মার্কিন সৈন্যদের জন্য ঝুঁকি বাড়বে।