বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখনো কোন আবেদন পাওয়া যায়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করা হলে তার মুক্তির বিষয়ে সরকার চিন্তা করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নে বাহাদুরাবাদ নৌ থানার নতুন ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে প্যারোলে মুক্তি দিতে পারেন বলে সম্প্রতি মন্তব্য করেন তার আইনজীবী ও বিএনপি নেতা খোন্দকার মোশাররফ হোসেন।
এই বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্যারোল পেতে হলে তাকে একটি সুনির্দিষ্ট কারণ দর্শিয়ে আবেদন করতে হবে।
খালেদার জিয়ার জন্য প্যারোলের কোনো আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো পায়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আবেদন করলে আমরা তখন চিন্তা করব।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় এক বছর ধরে কারাবন্দী ৭৪ বছর বয়সী খালেদা জিয়া চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন।
এ সময় মন্ত্রী পুলিশ বাহিনীর দুর্নীতি বিষয়ে বলেন, শুধু পুলিশ বাহিনী নয়, দুর্নীতিবাজ যেই হোক সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। বর্তমান সরকারের আমলে কেউই আইনের ঊর্ধ্বে নয়। দেশের মানুষ বারবার তার প্রমাণ পেয়েছে। পুলিশ বাহিনীর কোন সদস্য যদি দুর্নীতিতে জড়িয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
নৌ থানা উদ্বোধন শেষে মন্ত্রী উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, সরকার মানুষের জানমালের নিরাপত্তার বিষয়ে সব সময় কাজ করে যাচ্ছে। বাহাদুরাবাদ নৌ থানা ভবন চালু হওয়ায় মানুষ নির্বিঘ্নে নৌপথে চলাচল ও মালামাল পরিবহন করতে পারবে। ব্যবসা-বাণিজ্যের উন্নতি ঘটবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, এডিশনাল আইজিপি মো. মোখলেছুর রহমান বিপিএম (বার), নৌপুলিশের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান, পুলিশ সুপার দেলওয়ার হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী পরে দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এডিশনাল আইজিপি (অপারেশন এন্ড অপস) মো. মোখলেছুর রহমান বিপিএম (বার)।