দেশের সর্ববৃহৎ স্প্যান বসানো হবে পায়রা সেতুতে

পটুয়াখালীর দুমকিতে নির্মাণাধীন লেবুখালীর পায়রা সেতুতে বসানো হবে পদ্মাসেতুর থেকেও বড় স্প্যান। নান্দনিক সেতুটিতে নদীর মাঝে মূল সেতু হবে ৬৩০ মিটার। এ জন্য ২০০ মিটারের দুটি ও দু’পাশে ১১৫ মিটার করে দুটি স্প্যান বসানো হবে।

বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সঙ্গে পায়রা নদীর ওপর ‘লেবুখালী সেতু’ নির্মাণের মধ্য দিয়ে দ্বার উন্মুক্ত হবে সর্বদক্ষিণের।

চারলেন বিশিষ্ট ১ হাজার ৪শ’ ৭০ মিটার (৪,৮২০ ফুট) দৈর্ঘ্যের ১৯.৭৬ মিটার (৬৪.৮ ফুট) এক্সট্রা বক্স গার্ডার সেতুটির উভয়দিকে ৭ কিলোমিটার জুড়ে নির্মাণ করা হবে অ্যাপ্রোচ সড়ক। ব্রিজটির প্রাক্কলিত নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪ শ ৪৬ কোটি টাকা।

এ ছাড়া সেতুটি নদীর জলতল থেকে ১৮.৩০ মিটার উঁচু হবে। ফলে নদীতে নৌযান চলাচলে কোনো অসুবিধা হবে না। সৌরবিদ্যুতের মাধ্যমে আলোকিত হবে সেতুটি। সেতুটি নির্মিত হলে খুলে যাবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পর্যটনকেন্দ্র কুয়াকাটার সম্ভাবনার দ্বার। যোগাযোগ ব্যবস্থায় সৃষ্টি হবে অভূতপূর্ব উন্নয়ন। বাণিজ্যিক সুবিধা পাবে ব্যবসায়ীরা। গড়ে উঠবে কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান।

কুয়েত সরকারের অর্থায়নে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান চাইনিজ কোম্পানি সেতুটি নির্মাণ করছে।

রেসিডেন্স ইঞ্জিনিয়ার আহমদ শরীফ সজিব বলেন, উভয় তীরের গার্ডার নির্মাণ শেষে এখন নদীর মাঝের গার্ডার নির্মাণ কাজও শেষের দিকে। একই সঙ্গে স্প্যান বসানো হচ্ছে। এখন গড় হিসেবে ৬৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেন, ২০২০ সলের জুনের দিকে নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সেতুটি নির্মিত হলে পটুয়াখালী-বরগুনা জেলাসহ উপকূলীয় ১০ উপজেলার যোগাযোগ ব্যবস্থায় সৃষ্টি হবে অভূতপূর্ব উন্নয়ন।