বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালোর দিকে বলে দাবি করলেও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ বলেছেন, চেয়ারপারসনের শরীর ভালো না।
বিএসএমএমইউ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক শনিবার সাংবাদিকদের জানিয়েছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালোর দিকে। আগের চেয়ে তার অবস্থার উন্নতি হচ্ছে’।
তবে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘চেয়ারপারসনের শরীর ভালো না। তার ডায়াবেটিস এখনো নিয়ন্ত্রণে আসেনি। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তার থেরাপি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি।’
মাহবুবুল হক বলেন, হাসপাতালে আসার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যদের দেওয়া ওষুধ তিনি নিয়মিত খাচ্ছেন, তার ভালো ঘুমও হচ্ছে। তবে খালেদা জিয়ার ডায়াবেটিস এখনো নিয়ন্ত্রণে আসেনি। এ জন্য সময় লাগবে।
তিনি বলেন, শুক্রবার ছুটির দিন থাকায় মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়াকে দেখতে পারেননি। তবে বৃহস্পতিবার পর্যন্ত তাকে মেডিকেল বোর্ড দেখেছেন, তিনি ভালো ছিলেন। ওষুধ খাচ্ছেন, তার অবস্থার উন্নতি হচ্ছে।
উল্লেখ্য জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের দণ্ডাদেশ প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন কারাগারে কারাবন্দী।
গত সোমবার দুপুরে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরান কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউয়ে নিয়ে আসা হয় খালেদা জিয়াকে। তার চিকিৎসায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক মো. জিলন মিঞা সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডে রয়েছেন- রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, ফিজিকেল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসা আহমেদ, কার্ডিলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তানজিলা পারভিন ও অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী ইকবাল মাহমুদ।