বাংলা ভাষায় বিজ্ঞানের চর্চা বাড়াতে এবং বিজ্ঞানীদের জন্য গবেষণা আরও বেশি বোধগম্য করতে বিজ্ঞানের বই-পুস্তক ও সাময়িকীসমূহ বাংলা ভাষায় অনুবাদের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।
শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বঙ্গবন্ধু একাডেমিক ভবনের গ্যালারিতে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টের (বিএসএম) ৩২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মহিবুল হাসান চৌধুরী এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, উচ্চতর জ্ঞান বিজ্ঞানের শাখার গবেষণার বই-পুস্তকসমূহ ইংরেজি ভাষায়। ভাষার এ প্রতিবন্ধকতার জন্য আমরা সম্পূর্ণভাবে বিজ্ঞান ও প্রযুক্তির উপকারিতা আত্মস্থ করতে পারছি না। আমাদের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির বই এবং জার্নালগুলো যদি বাংলা ভাষায় অনুবাদ করা হয়, তাহলে বিজ্ঞানের ধারণাগুলো সকলে সহজে বুঝতে পারবে। আমাদের গবেষকদের সংখ্যাও বাড়বে।
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, বিজ্ঞানের বই ও জার্নালগুলো অনুবাদ করা হলে বা বাংলা ভাষায় প্রকাশ করা হলে নতুন বিজ্ঞানীরা বিজ্ঞানের ধারণাগুলো ভালোভাবে বুঝতে পারবে। আমরা দক্ষ বিজ্ঞানী, দক্ষ প্রকৌশলী, দক্ষ ডাক্তার আরও সৃষ্টি করতে পারবো। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা পড়াশোনা করছেন, এতে তারা আরও বেশি উপকৃত হবে। আপনারা একটু উদ্যোগী হয়ে বিশেষ সেল গঠন করে এটা করতে পারেন। দেশের সব বিজ্ঞান, গবেষকদের এ বিষয়ে বিশেষ দায়িত্বের সঙ্গে সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়গুলোর এ বিষয়ে দায়িত্ব রয়েছে। আপনারা প্রয়াস নিন, দায়িত্ব নিন। আমরা সহযোগিতা করবো।
‘ট্রেন্ডস ইন মাইক্রোবায়োলজি ফর সাসটেইনবল অ্যাগ্রোইকোলজিক্যাল ডেভেলপমেন্ট’ শীর্ষক এই সম্মেলন বিএসএম এবং যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।
গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো উদ্যোগের কথা জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি, যিনি আগামী ১০০ বছরের ডেল্টা প্ল্যান নিয়ে এগোচ্ছেন। গবেষণা খাতে আরও বরাদ্দ বাড়ানোর জন্য আমরা সচেষ্ট হওয়ার চেষ্টা করবো। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আমি কথা বলবো।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ কাজী নাবিল আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টের সভাপতি অধ্যাপক ড. এম এ মালেক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সম্পাদক অধ্যাপক ড. মো: ইকবাল কবীর জাহিদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের ফেলো মেজর জেনারেল (অব.) অধ্যাপক ড. এ এস এম মতিউর রহমান ও ‘শান্তিস্বরূপ ভাতনগর’ পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতের হায়দারাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ।