মুক্তিযোদ্ধার সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বতন্ত্র ও বিশেষ ব্যবস্থায় নিয়োগ পদ্ধতি চালুসহ আট দফা দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সভাপতি গাজী দেলওয়ার হোসেন ৮ দফা দাবি উল্লেখ করে বলেন, মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বৃদ্ধি এবং সম্মানী ভাতা বর্তমান অপেক্ষা দ্বিগুণ ও মাসিক ভাতার সমপরিমাণ পাঁচটি উৎসব ভাতা দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে মুক্তিযোদ্ধার সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বতন্ত্র ও বিশেষ ব্যবস্থায় নিয়োগ পদ্ধতি অবিলম্বে চালু করতে হবে। গণপরিবহনে বিশেষ করে ট্রেন, বিআরটিসি বাস ও লঞ্চ, স্টিমারে বিনা মূল্যে যাতায়াত ব্যবস্থা করাসহ যানবাহনে সিট চিহ্নিত রাখতে হবে।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসার জন্য সরকারি হাসপাতালে বিনা মূল্যে সেবা ও বিনা খরচে ওষুধ দেওয়াসহ যাবতীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে । প্রত্যেকটি সরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য নির্দিষ্ট বুথ/ কাউন্টার তৈরি করতে হবে। মুক্তিযোদ্ধাদের নামে রাজধানী, সিটি করপোরেশন, পৌর এলাকা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সব গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার নামকরণ করতে হবে। এ ছাড়া মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের জন্য ঢাকা শহরে একটি বাড়ি বা জমি বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতি কৃষিবিদ শহিদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।