চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইসহাক আলীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল শনিবার নাচোল-নওগাঁ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সকালে কলেজের অধ্যক্ষ ইসহাক আলীকে গ্রেপ্তারের খবর পেয়ে শিক্ষার্থীরা সড়কে নেমে আসে। সাড়ে ১০টার দিকে বাসস্ট্যান্ড বাজারে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে তারা। প্রায় দেড় ঘণ্টা ধরে এই কর্মসূচি চলে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে বহু যানবাহন আটকা পড়ে।
পরে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তারা কলেজ অধ্যক্ষের মুক্তি দাবি করে।
গত বৃহস্পতিবার রাতে নাচোল উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুর ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় শুক্রবার রাতে ইসহাক আলীকে গ্রেপ্তার করা হয়।
নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ইসহাক আলী বাবুর দায়ের করা মামলার ১২ নম্বর আসামি ওই অধ্যক্ষ।