জোসেফ আগুনে পুড়ে ছাই সাকিবদের হায়দরাবাদ

আগুন ঝরালেন আলজারি জোসেফ। আইপিএলে রেকর্ড গড়া বোলিং করলেন ২২ বছর বয়সী। মুম্বাই ইন্ডিয়ান্সের এই ক্যারিবিয়ান পেসারের আগুনে পুড়ে ছাই হলো সাকিব আল হাসানদের দল সানরাইজার্স হায়দরাবাদ।

শনিবার আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদকে ৪০ রানে হারিয়েছে মুম্বাই। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৬ রান করেছিল মুম্বাই। জবাবে ১৪ বল বাকি থাকতেই ৯৬ রানে গুটিয়ে গেছে হায়দরাবাদ।

জোসেফ ৩.৪ ওভার বোলিং করে ১২ রান ব্যয়ে নিয়েছেন ৬ উইকেট। যা আইপিএলে সেরা বোলিংয়ের রেকর্ড। আইপিএলে এটিই আবার জোসেফের প্রথম ম্যাচ। অর্থাৎ আইপিএল অভিষেকেই রেকর্ডের পাতায় নাম ওঠালেন এই তারকা।

জোফেস নিজের প্রথম ওভারের প্রথম বলেই ফেরান বিপজ্জনক ডেভিড ওয়ার্নারকে। নিজের দ্বিতীয় ওভারে বিজয় শঙ্করকে ফেরান। তাতে ৪২ রানে ৩ উইকেট হারায় হায়দরাবাদ। জনি বেয়ারস্টোকে নিজ দলের প্রথম শিকার বানিয়েছিলেন রাহুল চাহার।

১৬তম ওভারে দ্বিতীয় স্পেলে বোলিং করতে আসেন জোসেফ। তুলে নেন দীপক হুডা ও রশিদ খানকে। নিজের চতুর্থ ও ১৮তম ওভারে তুলে নেন ভুবনেশ্বর কুমার ও সিদ্ধার্থ কলকে।

হায়দরাবাদ তাতে গুটিয়ে যায় ৯৬ রানে। জোসেফ ছাড়া ২ উইকেট নিয়েছেন রাহুল চাহার।

এর আগে প্রতিপক্ষের মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে ধুঁকছিল মুম্বাই ইন্ডিয়ান্স। পরে কিয়েরন পোলার্ডের ব্যাটে ভর করে সম্মানজনক পুঁজি পায় দলটি। পোলার্ড ২৬ বলে অপরাজিত ৪৬ রান করেন।

দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে কুইন্টন ডি ককের ব্যাট থেকে। হায়দরাবাদের পক্ষে সর্বাধিক ২ উইকেট নিয়েছেন সিদ্ধার্থ কল। ম্যাচ সেরা হয়েছেন আলজারি জোসেফ।

এই জয়ে পাঞ্জাবকে পাঁচে ঠেলে চার নম্বরে ওঠে এসেছে মুম্বাই। ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট তাদের। আর দ্বিতীয় হারের স্বাদ পাওয়া হায়দরাবাদ ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। রান রেটের ব্যবধানে মুম্বাইয়ের চেয়ে এগিয়ে তারা। টেবিলে দুই, তিন, চার ও পাঁচে থাকা চার দলের পয়েন্টই সমান ৬ করে।