প্রথমার্ধেই গোল হজম করে পিছিয়ে যাওয়া। তবে মইজে কেন বদলি নেমেই আলো কাড়লেন। তার আগে গোল পেলেন পাওলো দিবালা। তাতে এসি মিলানকে হারিয়ে সিরি আ শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলল ইউভেন্তুস।
শনিবার এসি মিলানকে ২-১ গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্তুস। টানা অষ্টম শিরোপা জয় দলটির জন্য এখন সময়ের ব্যাপার মাত্র।
এখন সমীকরণটা এমন- রোববার পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা নাপোলি জোনোয়ার বিপক্ষে হারলেই শিরোপা জিতে নেবে ইউভেন্তুস।
৩১ ম্যাচে ২৬ জয়ে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে ইউভেন্তুস। ৩০ ম্যাচে ১৯ জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি। আর এসি মিলান ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ৩০ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আছে ইন্টার। ইউভেন্তুস অনেক আগেই চলে গেছে সবার ধরাছোঁয়ার বাইরে।
এদিন ম্যাচের ৩৯ মিনিটে মিলানকে এগিয়ে দেন পিওনতেক। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতে যায় মিলান। বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি থেকে ইউন্তুসকে সমতা এনে দেন পাওলো দিবালা।
এরপর ৮৪ মিনিটে কেনের গোল। ১৯ বছর বয়সী এই তারকা এ নিয়ে পঞ্চম গোল করলেন ইউভেন্তুসের জার্সিতে। যাতে একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। পল পগবার পর দ্বিতীয় টিনএজ ফুটবলার হিসেবে এই শতাব্দীতে ৫ গোলের কীর্তি গড়েছেন।
চোট আক্রান্ত ক্রিস্তিয়ানো রোনালদো স্বাভাবিকভাবেই ছিলেন না এ ম্যাচেও।