দিনাজপুর আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিতদের বিজয়

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন- ২০১৯ এর বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত জাহানী-তহিদুল প্যানেল অধিকাংশ পদে বিজয় লাভ করেছে।

১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে বিজয়ী হয়েছে। আর বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট মনোনীত আমিন-খয়রাত প্যানেল থেকে সদস্য পদে মাত্র দুইজন প্রার্থী বিজয়ী হয়েছে।

শনিবার দিনাজপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৫৪০ জন ভোটারের মধ্যে ৫০৫ ভোটার ভোট প্রদান করেন। ফলাফল গণনার পর রাত ১১টায় নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত জাহানী-তহিদুল প্যানেলের বর্তমান সভাপতি মো. নুরুজ্জামান জাহানী ৩০৬ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মো. তহিদুল হক সরকার সর্বোচ্চ ৪০৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি পদে মিসেস নাসিমা আখতার রিনু, প্রাপ্ত ভোট ৩৪৩, মো. নুরুল ইসলাম-৪ প্রাপ্ত ভোট ২৮০, সহসাধারণ সম্পাদক পদে সারওয়ার আহমেদ বাবু, প্রাপ্ত ভোট ৩২৪, মো. খাদেমুল ইসলাম, প্রাপ্ত ভোট ২৪৭, কোষাধ্যক্ষ পদে মো. মজনু সরদার, প্রাপ্ত ভোট ২৭৩, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. কামরুজ্জামান শামস বুলবুল, প্রাপ্ত ভোট ২৬০, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. দেলোয়ার হোসেন-২, প্রাপ্ত ভোট ২৫০, পাঠাগার সম্পাদক পদে রণি চন্দ্র রায়, প্রাপ্ত ভোট ২৬২, নির্বাহী সদস্য পদে মো. মাহবুব কায়সার ইমন, প্রাপ্ত ভোট ৩২০, মো. মকসেদুর রহমান (সাহাজাদা) প্রাপ্ত ভোট ২৬৯, মোছা. সাবিনা ইয়াসমিন-২ প্রাপ্ত ভোট ২৫৩।

অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট মনোনীত প্যানেল থেকে সদস্য পদে মাত্র দুইজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

তারা হলেন- মো. ফখরুদ্দিন আলী আশরাফ, প্রাপ্ত ভোট ২৮২ ও দিলারা ইয়াসমিন ইতি, প্রাপ্ত ভোট ২২৩।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. হাসনে ইমাম নয়ন, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. ইকবাল রায়হান সোহেল ও অ্যাডভোকেট মো. মজিবর রহমান শাহ।