ঢাকাসহ ছয় বিভাগে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

দেশের ছয় বিভাগের অনেক জায়গায় আর বাকি দুই বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টিরও।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাংশ হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।