তাহলে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিও মেজাজ হারান! হ্যাঁ, শনিবার তেমনটাই দেখা গেল চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব একাদশ মধ্যকার আইপিএলের ম্যাচে। সতীর্থ দীপক চাহারের ওপর ক্ষেপে যেতে দেখা গেছে চেন্নাই অধিনায়ককে।
আইপিএলের চলতি মৌসুমে চেন্নাইয়ের হয়ে ভালই খেলছেন চাহার। কঠিন সময়ে ভরসা দিয়েছেন ধোনিকে। কিন্তু এ দিন যখন শেষের দিকে বল করতে এলেন চাহার তখন পাঞ্জাবের ১২ বলে দরকার ছিল ৩৯ রান।
এমন অবস্থায় চাহার পর পর দুটো নো বল দিয়ে তাঁর শেষ ওভারের বোলিং শুরু করলেন। দুটো ফ্রি হিট পেয়ে যায় পাঞ্জাব। তাতেই যত বিরক্তি ধোনির। তিনি চাহারে সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন এবং তাঁকে বেশ বিরক্ত হয়েই কিছু বোঝাতে দেখা যায়। ধোনির উপদেশ কাজে দিয়েছে। বদলে যায় চাহারের বোলিং। শেষ বলে ডেভিড মিলারের উইকেটও তুলে নেন তিনি। সমস্যায় পড়ে যায় পাঞ্জাব।
শেষ ওভারে ২৬ রান করতে পারেনি পাঞ্জাব। ২২ রানের জয় পায় চেন্নাই।
টস জিতে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৬০ রান করে চেন্নাই। ৩৮ বলে দুই চার ও চার ছক্কায় সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার ফাফ দু প্লেসি। ২৬ রান করেন অপর ওপেনার শেন ওয়াটসন।
২৩ বলে চার ও এক ছক্কায় ৩৭ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক ধোনি। অপরাজিত ২১ রান করেন আম্বাতি রায়ডু।
জবাবে ৫ উইকেটে ১৩৮ রানে থামে পাঞ্জাবের রানের চাকা। লোকেশ রাহুল ৪৭ বলে করেন ৫৫ রান; সরফরাজ খান ৫৯ বলে ৬৭ রান করেন।