আয়াক্সের বিপক্ষে মাঠে ফিরছেন রোনালদো

চোটের কারণে ইউভেন্তুসের গত কয়েকটি ম্যাচে খেলতে পারেননি ক্রিস্তিয়ানো রোনালদো। তবে চলতি সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পর্তুগিজ এই ফরোয়ার্ডকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন ইতালিয়ান ক্লাবটির কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

বুধবার ক্লাব পর্যায়ে ইউরোপ সেরা প্রতিযোগিতাটির শেষ আটের প্রথম লেগে আয়াক্সের মাঠে খেলতে যাবে ইউভেন্তুস। এই ম্যাচে রোনালদোর খেলা নিয়ে আত্মবিশ্বাসী আল্লেগ্রি।

শনিবার সেরি আয় এসি মিলানের বিপক্ষে ইউভেন্তুসের ২-১ গোলের জয়ের পর রোনালদো প্রসঙ্গে আল্লেগ্রি বলেন, “রোনালদো সবসময় মাঠে ফিরতে প্রস্তুত বোধ করে। আমি তাকে বিশ্রাম নিতে বলেছি। বুধবার আয়াক্সের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে আমরা আত্মবিশ্বাসী।”

লিসবনে ইউরো বাছাইপর্বে সার্বিয়ার সঙ্গে পর্তুগালের ১-১ গোলের ড্রয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়েন রোনালদো। এরপর ইউভেন্তুসের হয়ে আর মাঠে নামেননি পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

তবে এই সময়ে খুব একটা ছন্দপতন হয়নি ইউভেন্তুসের। রোনালদোকে ছাড়া চার ম্যাচের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে তারা। সেই সঙ্গে টানা অষ্টমবারের মতো সেরি আ শিরোপা জয়ের খুব নিকটে চলে এসেছে তুরিনের ক্লাবটি।