ছাত্রীকে আগুন দিয়ে হত্যার চেষ্টা: সেই মাদ্রাসা বন্ধ ঘোষণা

পরীক্ষা কেন্দ্রে ছাত্রীর গায়ে আগুন দিয়ে হত্যার চেষ্টার ঘটনায় সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকে ১৭ এপ্রিল পর্যন্ত মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রমও অনির্দিষ্টকালের জন্য হোস্টেল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

সোনাগাজী মাদ্রাসাসহ গোটা উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনার দিন শনিবার বিকেল থেকে মাদ্রাসা হোস্টেল থেকে শিক্ষার্থীরা চলে গেছে। মাদ্রাসা ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার পরীক্ষা কেন্দ্রে ওই মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির (১৮) গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জরুরি সভায় বসেন ম্যানেজিং কমিটির সদস্যরা। কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিম, সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনসহ অপরাপর সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৭ এপ্রিল পর্যন্ত মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম ও অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা হোস্টেল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তবে ওই কেন্দ্রে চলমান আলিম পরীক্ষা যথা নিয়মের চলবে।

মাদ্রাসা ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন জানান, কমিটির সিদ্ধান্তের আলোকে ১৭ এপ্রিল পর্যন্ত মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম ও অনির্দিষ্টকালের জন্য হোস্টেল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

ম্যানেজিং কমিটির এ ধরনের সিদ্ধান্ত জানা নেই উল্লেখ করে নির্বাহী কর্মকর্তা সোহেল পারভেজ বলেন, এ বিষয়ে আজকে আবারো বসা হবে। মাদ্রাসা বন্ধ হলেও বোর্ড নির্ধারিত পরীক্ষা যথা নিয়মে চলবে।

এদিকে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল ফজল।

এর আগে পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুরো তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাস্থল থেকে পলিথিন জাতীয় কিছু পাওয়া গেছে। ধারণা হচ্ছে, ওই পলিথিনের ভেতরেই কেরোসিন ছিল।”

অন্যদিকে আহত মাদ্রাসা ছাত্রীর বড় ভাই মাহমুদুল হাসান নোমান জানান, নুসরাত জাহান রাফির অবস্থার কোনো উন্নতি হয়নি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে রাখা হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যায় নুসরাত জাহান রাফি।

মাদ্রাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করেছে- এমন সংবাদ পেয়ে নুসরাত জাহান ওই বিল্ডিংয়ের চার তলায় যান। সেখানে মুখোশ পরা ৪/৫জন ছাত্রী তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। তিনি অস্বীকৃতি জানালে তারা গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

এর আগে ২৭ এপ্রিল ওই ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। তিনি কারাগারে রয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রীর মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।