১৮’র শতকে আমেরিকার হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা পোলিশ জেনারেল কাসিমির পুলাস্কি নারী অথবা রূপান্তরকামী হয়ে থাকতে পারেন বলে দাবি করেছেন অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা বলছেন, পুলাস্কি পুরুষ ছিলেন না।
পুলাস্কি জর্জ ওয়াশিংটনের সেনাবাহিনীতে যোগ দিয়ে ১৭৭৭ সালে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে নামেন। পোল্যান্ড এবং যুক্তরাষ্ট্র দুই দেশেই তাকে বীরযোদ্ধা বলা হয়। এত দিন সবাই তাকে পুরুষ বলেই জানতেন।
বিজ্ঞানীরা বলছেন, ২০ বছর আগে এক গবেষণায় দেখা যায় পুলাস্কির কঙ্কাল নারীদের মতো ছিল। তখন এ বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি।
কিন্তু এখন ডিএনএ টেস্ট করে দেখা গেছে নারী কঙ্কালটি আসলেই পুলাস্কির ছিল।
গবেষণার এই ফলাফল ৮ এপ্রিল একটি চ্যানেলের ডকুমেন্টারিতে দেখানো হবে।
পুলাস্কি ১৭৪৫ সালে পোল্যান্ডের ওয়ারশে জন্মগ্রহণ করেন। ছেলেবেলা থেকেই রাজনীতির প্রতি গভীর আগ্রহ ছিল।
পোল্যান্ডের স্বাধীনতার জন্য যুদ্ধ করায় টিনএজার বয়সে তাকে দেশছাড়া করে রাশিয়া। তখন আশ্রয় নেন প্যারিসে। সেখানে দেখা হয় আমেরিকান বিপ্লবী বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের সঙ্গে। ফ্রাঙ্কলিন তাকে আমেরিকার হয়ে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেন।
কথিত আছে এই পুলাস্কি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় সাবেক মার্কিন রাষ্ট্রপতি ওয়াশিংটনের জীবন বাঁচান।
সাভানাহ অবরোধের সময় গুরুতর আহত হন পুলাস্কি। কদিন পর মাত্র ৩৪ বছর বয়সেই থেমে যায় তার যোদ্ধা জীবন।
তার হাড় ধাতুর কন্টেইনারে করে একটি স্মৃতিস্তম্ভের নিচে রাখা হয়। দুই দশক আগে ওই স্তম্ভটি সাময়িকভাবে সরানো হলে গবেষকেরা সেগুলো নিয়ে গবেষণা করেন। এরপর সম্প্রতি নতুন করে ডিএনএ টেস্ট করা হয়।