চুড়িহাট্টা ট্রাজেডি

কাউসারের পরিবারকে ঢাবি শিক্ষার্থীদের ৯ লাখ টাকা অনুদান

চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ আগুনে প্রাণ হারানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী কাউসার আহমেদের পরিবারকে ৯ লাখ টাকা অনুদান দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা । ঢাবির সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং ম্যানেজমেন্ট বিভাগের পক্ষ থেকে এই অনুদানের টাকা দেওয়া হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনে কাউসারের স্ত্রী নুসরাত জাহান মুক্তার কাছে নগদ ১ লাখ টাকা ও আট লাখ টাকার এফডিআর হস্তান্তর করা হয়। এসময় কাউসারের বাবা খলিলুর রহমান ও কাউসারের দুই জমজ সন্তান মেহজাবিন সারাহ ও জামিল আহমেদ সাফি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাবি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ডাকসু ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী এবং বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাবিবুর রহমান জুয়েল।

অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, যদিও আমরা কাউসারকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারব না কিন্তু ঢাবির সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও ছাত্রনেতারা সব সময় তার পরিবারের দেখা শোনা করবেন। তার রেখে যাওয়া দুই সন্তানের শিক্ষা ও জীবন যাপনে যেন কোনো অসুবিধা না হয় সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় পাশে থাকবে বলে ও জানান তিনি।

কাউসারের মৃত্যুর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তার পরিবারের জন্য দেড় মাসে প্রায় আট লাখ টাকা অনুদান সংগ্রহ করতে শুরু করেন। কাউসারের নিজ বিভাগ ম্যানেজমেন্ট বিভাগের পক্ষ থেকে আরও এক লাখ টাকা যোগ করা হয় ওই তহবিলে। পুরো টাকা এবার তুলে দেওয়া হয় কাউসারের স্ত্রীর হাতে।