ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অগ্নিদগ্ধ ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দেখতে গিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় ওই ছাত্রীর মা শিরিন আক্তার শিক্ষামন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
শিক্ষামন্ত্রীকেও এ সময় আবেগাপ্লুত হতে দেখা যায়। দীপু মনি ওই ছাত্রীর চিকিৎসার খোঁজখবর নেন।
তিনি পরে সাংবাদিকদের বলেন, পরীক্ষাকেন্দ্রে মাদ্রাসা ছাত্রীর গায়ে আগুন দেওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যথাযথ তদন্ত করে দোষীদের অবশ্যই বিচার করা হবে।
রোববার রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ওই ছাত্রীকে দেখে এসব বলেন শিক্ষামন্ত্রী।
শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যায় নুসরাত জাহান রাফি।
মাদ্রাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করেছে- এমন সংবাদ পেয়ে নুসরাত জাহান ওই বিল্ডিংয়ের চার তলায় যান। সেখানে মুখোশ পরা ৪/৫জন ছাত্রী তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। তিনি অস্বীকৃতি জানালে তারা গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।