গণস্বাস্থ্য হাসপাতালে ৮০০ টাকায় কিডনি ডায়ালাইসিস

সাভারে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল হাসপাতাল রোগীদের জন্য মাত্র ৮০০ টাকায় কিডনি ডায়ালাইসিস শুরু করেছে।

বিশ্ব স্বাস্থ্য দিবসে রবিবার সকালে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশের বৃহত্তম কিডনি সেবাকেন্দ্র গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে এক সেমিনারে জানানো হয়, গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার সামাজিক শ্রেণিভিত্তিক গণস্বাস্থ্য স্বাস্থ্যবিমা পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। এখানে প্রদাহ (ইনফেকশন) নিবারক সক্রিয় এন্ডোটক্সিন ফিল্টার সংযুক্ত পৃথিবীর সেরা ফ্রেসিনাস মেশিনে ডায়ালাইসিস করা হয়।

এতে আরো বলা হয়, সার্বক্ষণিক চিকিৎসক, দক্ষ সেবিকা ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এখানে উপস্থিত থাকে। ডায়ালাইসিসের সময় রোগীকে বিনা মূল্যে নাশতা সরবরাহ এবং তিনবার রক্তে শর্করা (আরবিএস) ও রক্তচাপ লিপিবদ্ধ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের চিফ নেফ্রোলজিস্ট প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি সন্ধ্যা রায়, ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, ট্রাস্টি ও গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর পারভিন বানু, সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার প্রমুখ।

জাফরউল্লাহ চৌধুরী বলেন, ভবিষ্যতে দেশের অন্যান্য জায়গায় আরও ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার দেশের সর্ববৃহৎ সেন্টার, যেখানে প্রতিদিন গড়ে ২৬০ জন রোগীকে সেবা দিয়ে থাকি।

এত বড় একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা হলেও সরকারের সুনজর নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের ৩৫টি মেশিন বাইরে থেকে এসেছে, কিন্তু অধিক ট্যাক্স দাবি করায় সেগুলো চট্টগ্রাম বন্দরে আটকা পড়ে আছে। মেশিনগুলো চলে আসলে সাভার গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে প্রতিদিন এক শ রোগীকে সেবা প্রদান করা যাবে।

তিনি আরও বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে কম খরচে এখানে ডায়ালাইসিস করা হয়ে থাকে। দরিদ্রদের জন্য এক হাজার, নিম্নবিত্তের জন্য ১২ শ, মধ্যবিত্তের জন্য আঠারো শ, অবস্থাপন্নদের জন্য আড়াই হাজার, ধনী ব্যক্তিদের জন্য তিন হাজার এবং অতি দরিদ্রদের জন্য ফ্রি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হয়েছে। 

তিনি বলেন, তবে কোন দরিদ্র রোগী যদি একসঙ্গে তিন দিনের টাকা জমা দেয় সে ক্ষেত্রে আট শ টাকা করে দুই হাজার চার শ টাকায় তাকে ডায়ালাইসিস সেবা প্রদান করা হবে।

২৫ ইউনিটের গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার সাভার শাখায় হেপাটাইটিস ‘নেগেটিভ’ রোগীদের জন্য ১১টি শয্যা এবং হেপাটাইটিস ‘সি’ রোগীদের জন্য ৬ ও হেপাটাইটিস ‘বি’ রোগীদের জন্য ২টি আলাদা বিশেষ বেড রয়েছে।

এ ছাড়া জরুরি বিভাগে ২টি, কেবিনে একটি এবং তিনটি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বেডও রয়েছে।