লংগদুর কাট্টলী বিলে অভিযান চালিয়ে অস্ত্রসহ ইউপিডিএফের (প্রসিত) পাঁচ কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
গতকাল রবিবার বিকেলে সেনাবাহিনীর লংগদু জোন এক সংবাদ সম্মেলনে জানায়, গত শনিবার রাতে তাদের আটক করা হয়।
তারা হলেন সরল চাকমা (৪০), মঙ্গল কান্তি চাকমা (৩৫), পূর্ণদেব চাকমা (৩৫), নেশন চাকমা (১৯) ও নরেশ চাকমা (১৮)। তারা
সবাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আটকরা দীর্ঘদিন ধরে কাট্টলী বিলে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল।
চাঁদা দিতে না চাইলে জেলেদের মারধর করত তারা।
শনিবার রাতে নৌকা নিয়ে তাদের কাট্টলী বিলে যাওয়ার খবরে সেনাসদস্যরা অভিযানে গেলে গুলি চালায় তারা।
সেনাবাহিনী পাল্টা গুলি ছুড়লে আহত হয় দুজন। পরে পাঁচজনকে একটি এসএমজি, একটি এলজি পিস্তল, তিনটি গাদা বন্দুক, গুলি, ম্যাগাজিন ও চাঁদা আদায়ের রশিদ বইসহ আটক করা হয়।
লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে কাট্টলী বিলে সেনাবাহিনীর অভিযানের কথা শুনেছি।
ওসি আরও জানান, আটকদের এখনো হস্তান্তর করা হয়নি।