ফাইনালে ম্যানসিটি

এক মৌসুমে চার শিরোপা জয়ের স্বপ্ন টিকে রইল ম্যানচেস্টার সিটির। চলতি মৌসুমে ইংলিশ লিগ কাপ জিতেছে তারা। প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনাও আছে পেপ গার্দিওলার শিষ্যদের। চ্যাম্পিয়ন্স লিগে এখনো টিকে আছে। শনিবার রাতে এফএ কাপের সেমিফাইনালে ম্যানসিটি ১-০ গোলের জয় পেয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে। ২০১৩ সালের পর এফএ কাপের ফাইনালে উঠল দলটি। এই জয়ে টানা দ্বিতীয় শিরোপার কাছে গেল সিটিজেনরা।

 

ওয়েম্বলিতে ম্যাচের শুরুতে এগিয়ে যায় সিটি। চতুর্থ মিনিটে কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে হেডে গোল করে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। খেলায় বল দখল ও গোলে শট নেওয়ায় এগিয়ে ছিল গার্দিওলার শিষ্যরাই। ৭০ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখলেও আর কোনো গোল করতে পারেনি তারা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ২৩ ম্যাচের ২১টি জিতেছে ম্যানসিটি। গেল শুক্রবার প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে শীর্ষস্থান হারিয়েছে সিটিজেনরা। তবে পয়েন্ট ব্যবধান মাত্র ২। লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। শীর্ষে থাকা অল রেডদের পয়েন্ট ৮২। আগামীকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে টটেনহ্যামের মুখোমুখি হবে ম্যানসিটি।