বঙ্গবন্ধুর নামে স্থাপনা-প্রতিষ্ঠানে লাগবে অনুমতি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর নাটক ও সাহিত্যকর্মে এবং ক্রীড়ানুষ্ঠান আয়োজনে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদনের প্রয়োজন নেই। গত শনিবার সন্ধ্যায় ধানমণ্ডিতে ট্রাস্টের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে।

প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নাটক, লেখালেখি ও সাহিত্যকর্ম বা ক্রীড়া অনুষ্ঠানের জন্য ট্রাস্টের অনুমতির প্রয়োজন পড়বে না। তবে বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে কোনো প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণের ক্ষেত্রে অনুমতি নিতে হবে।

সভায় ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের নামে ১৩টি প্রতিষ্ঠানের নামকরণ এবং মোট ৫০ হাজার ২০০ টাকার শিক্ষাবৃত্তি প্রদানের সিদ্ধান্ত অনুমোদন হয়। আইনমন্ত্রী আনিসুল হক, বঙ্গবন্ধুর নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনসহ ট্রাস্টি বোর্ডের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।