রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার সকালে গাড়ি পার্কিংয়ের পাশে তৃতীয় তলার স্টোররুমে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়।
ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, সোমবার সকাল ৮টা ৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় তলার স্টোররুমে আগুন লাগে। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা চেষ্টার পর ৮টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আর ছড়িয়ে পড়া আগুন নেভাতে সাড়ে ৯টা বেজে যায়।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও স্টোররুমের বহু মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম থেকে জানানো হয়, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে নির্ণয় করা যায়নি।