গন্ডার শিকার করতে আসা পাঁচজনের একটি শিকারি দলের একজনকে পায়ের নিচে পিষে মারল হাতি। এরপর ওই শিকারির দেহ ছিঁড়ে খেল সিংহের দল।
দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে গত সপ্তাহের শেষের দিকে এমন নির্মম ঘটনা ঘটে। তবে বাকি চারজন ভাগ্যক্রমে বেঁচে ফিরতে পেরেছেন।
ওয়াশিংটন পোস্ট জানায়, সন্দেহভাজন পাঁচজন শিকারি গন্ডার শিকার করতে পার্কে প্রবেশ করেছিল। সেখানে আচমকা এক হাতির আক্রমণের মুখে পড়েন তারা।
ক্রুগার ন্যাশনাল পার্কের ব্যবস্থাপনা নির্বাহী গ্লেন ফিলিপস বলেন, “অবৈধভাবে এবং পায়ে হেঁটে পার্কে প্রবেশ করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয়। এখানে অনেক বিপদ আছে। এই ঘটনাটিই এর প্রমাণ।”
এক বিবৃতিতে পার্ক কর্তৃপক্ষ জানায়, চার অভিযুক্ত শিকারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে হাজির করা হবে। শিকারির মৃত্যু ও অভিযানে থাকা বাকি অভিযুক্তদের বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
পুলিশ কর্মকর্তা ব্রিগেডিয়ার লিওনার্ড হ্লাথি বলেন, হাতিটি আচমকা শিকারি দলটির ওপর হামলা করে এবং তাদের একজনকে হত্যা করে। তখন বাকিরা সঙ্গীর মৃতদেহ রাস্তার ধারে ফেলে চলে যায়, যাতে যাত্রীরা সকালে তা খুঁজে পায়।
এদিকে পার্কের রেঞ্জার এবং এয়ার উইংয়ের ক্রু-সহ একটি অনুসন্ধান দল বুধবার তল্লাশি চালিয়েও ওই মানুষটিকে খুঁজে পাননি। পরদিন ফের তল্লাশি শুরু করলে কুমির নদীর কাছে কুমির সেতু এলাকায় ওই শিকারির দেহের ছিন্ন-বিচ্ছিন্ন অংশ দেখতে পান।
পার্কের ওয়েবসাইট থেকে জানা যায়, এই এলাকা সিংহের বসবাসের জন্য পরিচিত। সিংহরা ওই শিকারির দেহের পুরো অংশই খেয়ে ফেলেছে, শুধু মাথার খুলি এবং প্যান্ট টুকু ছাড়া।
একটি বিবৃতিতে ফিলিপস নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। তাদের সহায়তা প্রদানের জন্য অনুসন্ধান দলকে নির্দেশ দেন।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার গন্ডারের একটি বৃহৎ অংশ রয়েছে এই পার্কেই। আফ্রিকা মহাদেশের গন্ডারের সবচেয়ে বড় আবাসস্থল হচ্ছে দক্ষিণ আফ্রিকা। আফ্রিকার ২৫ হাজার গন্ডারের মধ্যে শুধু এখানেই রয়েছে ২০ হাজার। বিশ্বের গন্ডারের জনসংখ্যার ৮০ শতাংশ রয়েছে দেশটিতে।
সেভ দ্য রাইনোর পরিসংখ্যান মতে, সাম্প্রতিক বছরগুলোতে শিকারিদের দৌরাত্ম্য কমে আসলেও গত দশকে ৮ হাজারেরও বেশি গন্ডার নিহত হয়েছে। ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পশু পাচারের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। কেবল দক্ষিণ আফ্রিকাতেই এক হাজারেরও বেশি গন্ডার মারা যায় যার বড় অংশই এই ক্রুগার ন্যাশনাল পার্কে ঘটেছে। ২০১৮ সালে এই সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়ায় ৭৬৯টিতে।