ফেসবুকে প্রাক্তন স্বামীর স্ত্রীকে ‘ঘোড়া’ বলায় ২ বছরের জেল!

প্রাক্তন স্বামীর স্ত্রীকে ফেসবুকে ‘ঘোড়া’ বলে কটাক্ষ করায় দুবাইয়ে এক ব্রিটিশ নারীর দুই বছরের কারাদণ্ড হতে পারে।

বিবিসি জানায়, লন্ডনের বাসিন্দা লালেহ শাহরাভেশকে (৫৫) দুবাই বিমানবন্দরে গ্রেপ্তার করে পুলিশ। তিনি প্রাক্তন স্বামীর শেষকৃত্যে অংশ গ্রহণ করতে সেখানে আসেন।

ফেসবুকে প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

ফারসি ভাষার ওই মন্তব্যে তিনি বলেন, ‘তুমি শেষ হয়ে যাও এবং মাটিতে মিশে যাও, আমি এটাই আশা করি। ওই ঘোড়ার জন্য তুমি আমাকে ছেড়েছ।’ এতে তিনি প্রাক্তন স্বামীর প্রতি গালিগালাজও করেন।

জানা যায়, শাহরাভেশের দাম্পত্য জীবন ছিল ১৮ বছর। ডিভোর্সের পর তিনি আট মাস আরব আমিরাতে থাকেন, পরবর্তীতে মেয়েকে নিয়ে তিনি যুক্তরাজ্যে চলে যান। আর তার স্বামী আমিরাতেই থেকে যান।

২০১৬ সালে তার প্রাক্তন স্বামী আবার বিয়ে করেন। পরবর্তীতে সেই বিয়ের ছবি দেখেন ফেসবুকে। তাতে ক্ষোভ প্রকাশ করে প্রাক্তন স্বামীর স্ত্রীকে ‘ঘোড়া’ বলে এ কটাক্ষ করেন।

আরব আমিরাতের সাইবার অপরাধ আইন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর মন্তব্য দণ্ডনীয় অপরাধ। অভিযোগ প্রমাণিত হলে জেল এবং জরিমানা দুই ধরনের শাস্তির বিধান রয়েছে।

আইন অনুযায়ী শাহরাভেশের দুই বছরের জেল অথবা ৫০ হাজার পাউন্ড জরিমানা হতে পারে।

১৪ বছর বয়সী মেয়েকে নিয়ে গত ১০ মার্চ দুবাইয়ে তার প্রাক্তন স্বামীর শেষকৃত্যে এসেছিলেন শাহরাভেশ। পরবর্তীতে লন্ডন ফেরার সময় তাকে আটক করা হয়।