চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ধর্মঘট প্রত্যাহার করেছে ছাত্রলীগ। সোমবার বিকেল ৫টার পর তারা অস্ত্র মামলায় গ্রেপ্তার ছয় নেতাদের মুক্তির ব্যবস্থা করা হবে- উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরীর এমন আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে।
সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে দেড় ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনায় বসে ধর্মঘট আহ্বানকারী ছাত্রলীগের বিজয় গ্রুপ ও সিএফসি গ্রুপ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের আরো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে রোববারের ধর্মঘটে পুলিশ ও ছাত্রলীগ সংঘর্ষ হয়। এতে অন্তত ১৯ ছাত্রলীগ নেতাকর্মী আহত হন।
বৈঠক শেষে বিজয় গ্রুপের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সাবেক সহ-সম্পাদক আজাদুর রহমান আজাদ এবং সিএফসি গ্রুপের সহ-সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদের দাবি মেনে নিয়েছেন। তাই ধর্মঘট প্রত্যাহার করছি।