প্রতিদিন নতুন পোশাক পরার সামর্থ্য নেই জাহ্নবীর

অভিনয়ের পাশাপাশি বলিউডে পা রেখেই সাজগোছ ও ফ্যাশন সচেতনতার জন্য প্রশংসা পেয়েছেন জাহ্নবী কাপুর। এ জন্য নিয়মিত তাকে অনুসরণ করেন অনেকে। সেই নায়িকা জানালেন, প্রতিদিন নতুন পোশাক পরার সামর্থ্য নেই তার।

সম্প্রতি এক চ্যাট শোতে জাহ্নবী জানান, তিনি এত টাকা আয় করেন না যে প্রতিদিন নতুন পোশাক পরতে পারবেন।

তার পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে বিদ্রূপ করা হয়। একই পোশাকে বারবার দেখা যাওয়া নিয়েও কথা উঠেছে। এ প্রসঙ্গে জাহ্নবী জানান, ট্রোল তাকে আক্রান্ত করে না। কারণ একই সঙ্গে সবাইকে খুশি করা তার পক্ষে সম্ভব নয়।

তবে কেউ যদি অভিনয় নিয়ে সমালোচনা করেন, তবে গুরুত্বের সঙ্গে নেন জাহ্নবী। কিন্তু জিমের বাইরে তাকে দেখতে কেমন লাগে, এটা নিয়ে কে কী বলল তা দেখার দায়িত্ব তার নয়।

মারাঠি সিনেমা ‘সাইরাত’-এর রিমেক ‘ধাড়াক’ দিয়ে ২০১৮ সালে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। বিপরীতে ছিলেন ঈশান খাট্টার। বর্তমানে ‘কারগিল গার্ল’ সিনেমায় ভারতীয় বিমানবাহিনীর পাইলট গুঞ্জন সাক্সেনার চরিত্রে অভিনয় করছেন।

এরপর করণ জোহরের ঐতিহাসিক গল্প নির্ভর ‘তখত’-এ অভিনয় করবেন। এ সিনেমায় আরও আছেন রণবীর সিং, ভিকি কৌশল, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, ভূমি পেডনেকর ও অনিল কাপুর। এছাড়া হরর-কমেডি ‘রুহ আফজা’য় অভিনয় করবেন রাজকুমার রাওয়ের বিপরীতে।