ফেসবুক গ্রুপের মাধ্যমে মিথ্যা পরিচয়ে পরীক্ষার্থীদের মধ্যে ভুয়া প্রশ্ন সরবরাহ করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আসামিরা হলেন- ঢাবি শিক্ষার্থী ইমরান খসরু (২৪), আহ্সান হাবীব (২৪) ও ইমরান হোসেন রাকিব (২৪)।
রোববার তাদের তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত শনিবার রাতে হাজারীবাগ থানা এলাকা থেকে তাদের তিনজনকে গ্রেপ্তার করে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।
পুলিশ জানায়, আসামিরা বিভিন্ন ফেইক ফেসবুক গ্রুপের মাধ্যমে মিথ্যা পরিচয়ে এসএসসি/দাখিল/এইচএসসি পরীক্ষার্থীদের ভুয়া প্রশ্ন সরবরাহ, ফেল করা সাবজেক্টসমূহে পাস করিয়ে দেওয়া হবে- এমন প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এ ঘটনায় রাজধানীর হাজারীবাগ থানায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।