সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে নিখোঁজ তিন স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় বিয়ানীবাজার থানা পুলিশ তাদের উদ্ধার করে বিয়ানীবাজার নিয়ে আসে।
এ ঘটনায় জড়িত অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। তবে মামলা তদন্তের স্বার্থে ওই দুই যুবকের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর জানান, বিয়ানীবাজারের এক ছাত্রী ও পার্শ্ববর্তী ফেঞ্চুগঞ্জ উপজেলার দুই ছাত্রী গত শনিবার শেওলা এলাকা থেকে নিখোঁজ হয়। তিন ছাত্রীই সমবয়সী এবং পরস্পর আত্মীয়। তারা মাধ্যমিক পর্যায়ে পড়ালেখা করছে।
এদের মধ্যে এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাদের পার্কে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে আনা হয়। পরে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকায় তাদের অবস্থান চিহ্নিত করে সোমবার সকালে উদ্ধার করেছে।
ওসি জানান, এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।