জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় দলের দুই বাস্কেটবল খেলোয়াড়ের মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল দলের খেলোয়াড়রা এ অভিযোগ করেন। বিকেলে খেলা শুরুর ১৫ মিনিট আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভেন্যুর খেলা পরিচালনা কমিটির কাছে মৌখিকভাবে এ অভিযোগ জানিয়ে তারা মাঠ ছাড়েন।
রোববার বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০১৯ এর হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনাল খেলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল দলের।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল দলের টিম ম্যানেজার জাকারিয়া রহমান ও কোচ শাহ আলম বলেন, নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে আমাদের খেলোয়াড়েরা মাঠে যান। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আগ্নেয়াস্ত্র (পিস্তল) ঠেকিয়ে জাতীয় দলের হ্যান্ডবল খেলোয়াড় আশিক খান ও ছাকি সামির ইমন যদি মাঠে খেলে তবে তাদের ক্যাম্পাস থেকে বের হতে দেওয়া হবে না বলে হুমকি দেয়।
তিনি বলেন, পরে আমাদের খেলোয়াড়রা খেলা পরিচালনা কমিটিকে জানিয়ে মাঠ ছেড়ে চলে যান।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল দলের দলনেতা আশিক খান অভিযোগ করে বলেন, ‘জাবির কয়েকজন শিক্ষার্থী আমাদের শনিবার থেকেই ডিস্টার্ব করেছে। আমাদের মাঠে অনুশীলন করতে দেয়নি। গতকাল (রোববার) মাঠে গেলে তারা আমাকে ডেকে ভালো খেলতে নিষেধ করে।’
তবে হুমকির কোনো ঘটনা সম্পর্কে সংশয় প্রকাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হাবিবা ইয়াসমীন বলেন, ‘ঘটনাটা ঘটেছে কি না এটি নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। আমরা কেউ তখন মাঠে যাইনি, খেলাই শুরু হয়নি, কখন তাদের হুমকি দেওয়া হলো? এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বদনাম করা হলো। তাদের কর্মকর্তারা আগে খেলোয়াড়দের পাঠিয়ে দিয়ে তারপর তারা আমাদের জানিয়েছে তারা খেলতে আগ্রহী না।’
তিনি আরো জানান, আয়োজক প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশন বিষয়টি সমঝোতা করে স্থগিত খেলাটি পুনরায় অনুষ্ঠানের জন্য কাজ করছে। ১০ এপ্রিল এ খেলা হতে পারে।