সহকারী কমিশনারের মৃত্যুর ঘটনায় সাবেক সাংসদসহ ১৩ জনের নামে মামলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অবিদিয় মারডীর মৃত্যুর ঘটনায় সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে গোবিন্দগঞ্জের সাবেক সাংসদ আবুল কালাম আজাদসহ ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন নিহতের বড় ভাই স্যামসন মারডী।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র আগামী ১২ জুন শুনানির দিন ধার্য করেন। অবিদিয় মারডীর বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার বেনীদুয়ার মিশন পাড়ায়।

নিহতের বড় ভাই দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর মরিয়ম মিশনের ফাদার স্যামসন মারডী দেশ রূপান্তরকে বলেন, ‘২০১৪ সালের ১১ জানুয়ারি বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে গোবিন্দগঞ্জে অবিদিয় মারডীকে হত্যা করা হয়। কিন্তু এই ঘটনাকে সড়ক দুর্ঘটনা দেখিয়ে ওই দিন রাতেই মামলা করে পুলিশ।’

‘হত্যার অভিযোগে আমি ১৩ মার্চ গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি করি। পরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের আদেশে ওই বছরেরই ২৩ জুলাই লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলে শরীরে পচন ধরায় কারণ খুঁজে পায়নি বলে একটা মিথ্যা রিপোর্ট দিয়েছে কর্তৃপক্ষ। ভাইকে পরিকল্পিতভাবে হত্যার বিচার দাবিতে এবার আমি হত্যা মামলা দায়ের করেছি।’