নারী ইউপি সদস্যকে দুশ্চরিত্রা বলায় পটুয়াখালীর কলাপাড়ার ডবলুগজ্ঞ ইউনিয়নের আলোচিত ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।
নারী ইউপি সদস্য সাহানারা বেগম বাদী হয়ে সোমবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।
বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম ইমরানুর রহমানের আদালত মামলাটি আমলে নিয়ে জুডিসিয়াল তদন্তের আদেশ প্রদান করেন।
ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের পর সাহানারা বেগমকে সাধুবাদ জানিয়েছে উপজেলা নারী অধিকার ফোরাম ও সাউথ বেঙ্গল উইমেন ডেভেলপমেট অ্যাসোসিয়েশন (এসডব্লিউডিএ) নামের সংগঠন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ৩রা এপ্রিল রাতে ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদার নারী ইউপি সদস্য সাহানারা’র বিরুদ্ধে মানহানিকর তথ্য সংবলিত তার লিখিত বক্তব্য স্বাক্ষর করে কলাপাড়া প্রেসক্লাব হল রুমে সাংবাদিকদের সামনে তা উপস্থাপন করেন।
এ সময় একজন সাংবাদিক তার কাছে ওই নারী ইউপি সদস্যকে দুশ্চরিত্রা নারী বলার এমন কী তথ্য প্রমাণ আছে তা জানতে চান।
চেয়ারম্যান প্রশ্নোত্তরে পুনরায় ওই নারী ইউপি সদস্যকে দুশ্চরিত্রা নারী ছাড়াও আরও মানহানিকর অপবাদ দেয়। চেয়ারম্যানের মানহানিকর বক্তব্য সংবলিত সংবাদ সম্মেলনের এ তথ্য গণমাধ্যমে প্রকাশ পেলে ওই নারী ইউপি সদস্য সাহানার’র ৫০ লক্ষ টাকার মানহানি হয় বলে তিনি মামলায় উল্লেখ করেছেন।
সূত্রটি আরও জানায়, মামলায় আরও ৫/৭ জন অজ্ঞাত আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা ওই সকল আসামিরা ৩রা এপ্রিল রাত অনুমান ১০টা থেকে ২টার মধ্যে বাদীর রোপিত ১৫০ আকাশ মণি গাছের চারা ভেঙে, পুকুর ও মাছের ঘেরে বিষ প্রয়োগ করে দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং এক লক্ষ বিশ হাজার টাকা মূল্যের একটি গাভি গরু চুরি করে।
এ ছাড়া চেয়ারম্যানের হুমকিতে বাদী বর্তমানে নিরাপত্তা হীনতায় রয়েছেন বলে তার মামলায় উল্লেখ করেন।