মুন্সীগঞ্জে নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম নৌবন্দর থেকে শহরের মুন্সীগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত চার কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট দৃপ্তিময়ী জামানের নেতৃত্বে ধলেশ্বরী নদীর মিরকাদিম নৌবন্দর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান শুরু হয়। বিআইডব্লিউটিএর উপপরিচালক শহিদুল্লাহ জানান, দুদিন ধরে এই উচ্ছেদ অভিযান চলবে। চার কিলোমিটার এলাকায় প্রায় ২০০ অবৈধ স্থাপনা রয়েছে। প্রথম দিনে মিরকাদিম বন্দর এলাকায় দুটি ভবনসহ ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তিনি আরও জানান, অবৈধ স্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু অবৈধ স্থাপনা না সরানোয় এখন অভিযান চালানো হচ্ছে। প্রথম দিনে মিরকাদিম নৌবন্দর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা পর্যন্ত ধলেশ^রী নদীর তীরবর্তী অন্য সব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে।