হাবিপ্রবির সহকারী প্রক্টরকে অপসারণের দাবি ছাত্রলীগের

ছাত্রলীগ নেতাকর্মীদের লাঞ্ছিত করার অভিযোগে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সহকারী প্রক্টর ড. মো. মাহবুব হোসেনের অপসারণ দাবিতে বিক্ষোভ করে রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল সোমবার দুপুরে ছাত্রলীগ একাংশের মিছিল ক্যাম্পাস ঘুরে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে দেওয়া ছাত্রলীগের অভিযোগে বলা হয়েছে, গত রবিবার ছাত্রলীগ নেতারা বিশ্ববিদ্যালয়ের দুটি হলের ছাত্রদের মধ্যে লাগা সংঘর্ষ থামাতে যান। এর কিছুক্ষণের মধ্যেই মাহবুব হোসেন এসে ছাত্রলীগ নেতাদের উদ্দেশে গালিগালাজ করেন। তিনি বলেন, ‘ওই যে মাঠ আছে, ওখানে গিয়ে যত খুশি তোরা মারামারি কর। ওটা মারামারির জন্য দেওয়া আছে।’ এর প্রতিবাদ জানালে তিনি এক ছাত্রলীগ নেতাকে ঘাড়ে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে তার বহিষ্কার ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদন করে। এ বিষয়ে সহকারী প্রক্টর মাহবুব হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘এ ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সবাই সেখানে উপস্থিত ছিলেন। তারা সবাই বিষয়টি দেখেছেন।’ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের খুব ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আমার কাছে ছাত্রলীগের একটি অভিযোগপত্র এসেছে। আমি পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি করে দিয়েছি। তিন কার্যদিবসের মধ্যে সেই কমিটি একটি প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’