হবিগঞ্জে জেলা পরিষদ কর্মচারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

কর্মচারীর পেনশনের টাকা প্রদানে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে হবিগঞ্জ জেলা পরিষদের অফিস সহকারী কাম সাঁটলিপিকার রিমন সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কুদ্দুছ সরকারকে তদন্তভার দেওয়া হয়েছে।

অভিযোগকারী রুজিনা আক্তার জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে সম্প্রতি দেওয়া আবেদনে উল্লেখ করেন, তার স্বামী দুলাল মিয়া মাধবপুর রেস্টহাউসের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। চাকরি থাকা অবস্থায়ই তিনি মারা যান। তার মৃত্যুর পর পেনশনের টাকা উত্তোলন করতে গেলে অফিসের পিয়ন শুভ তাকে দ্রুত টাকা পেতে অফিস সহকারী রিমন সরকারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। প্রথমে রিমন তিন লাখ টাকা দাবি করলেও পরবর্তী সময়ে শুভকে নিয়ে আলোচনা করে দুই লাখ টাকা নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী রিমন সরকার রুজিনার কাছ থেকে কয়েকটি চেকের পাতায় স্বাক্ষর রাখেন। পেনশনের টাকা পাওয়ার পর দুই লাখ টাকা দিয়ে চেকের পাতা ফেরত নিন।

অভিযুক্ত রিমন সরকারের চাচাত ভাই জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার জানান, বিষয়টি তদন্ত চলছে। তদন্ত করে যেই দোষী হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  রিমন সরকার তার বিরুদ্ধে আনা ‘অভিযোগ সত্য নয়’ বলে দাবি করেছেন।

এমএলএসএস শুভ জানান, বিষয়টি তার জানা আছে। তিনি বলেন, ‘আমার মতো একজন পিয়নের পক্ষেও কিছু করা সম্ভব নয়। এখন তার ভাইকে বাঁচানোর জন্য আমাকে নিরীহ পেয়ে ফাঁসানোর চেষ্টা করছেন প্রধান নির্বাহী কর্মকর্তা।’