সোনাগাজীতে নির্বাচনী সহিংসতায় আহত যুবলীগ নেতার মৃত্যু

ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত পৌর যুবলীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন (৪০) মারা গেছেন। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ইমাম উদ্দিন সোনাগাজী উপজেলার উত্তর চর ছান্দিয়া গ্রামের মাঝিবাড়ির আবু তাহেরের ছেলে। নিহতের ভাই মো. শামিম জানান, ইমাম উদ্দিনের মাথায় গুরুতর আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সোমবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩১ মার্চ উপজেলা নির্বাচনে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া দীন মোহাম্মদের সমর্থক ইমাম উদ্দিনের সঙ্গে অপর প্রার্থী শাখাওয়াতুল হক বিটুর সমর্থক শাহাদাত হোসেন আরিফের কথাকাটাকাটি হয়। এর জের ধরে ১ এপ্রিল ইমাম উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে আরিফের নেতৃত্বে কয়েকজন যুবক। এ সময় ইমাম উদ্দিন ও ফয়েজ উল্লাহ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ইমাম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও ফয়েজ উল্লাহকে ফেনীতে পাঠানো হয়। এ ঘটনায় ২ এপ্রিল আহত ফয়েজ বাদী হয়ে ছয়জনের নামে থানায় মামলা করেন। সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, এজাহারভুক্ত আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জন্য একাধিকবার অভিযান চালানো হয়েছে। তারা সবাই পলাতক।