ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা আত্মসাৎ

বাবুল চিশতীসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ফারমার্স ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান  মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ ৫ জনের বিরুদ্ধে মামলার চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশনের সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

তিনি আরও জানান, দি ফারমার্স ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতী ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় তার নিজ নামে, তার পরিবারের সদস্যদের নামে ব্যাংকটির বিভিন্ন শাখায় সর্বমোট ২৫টি হিসাব খোলেন। ওই সব হিসাবের মাধ্যমে ব্যাংক ব্যবস্থাপকদের সহায়তায় অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করেন। তিনি ব্যাংকের কোনো নিয়ম না মেনে গ্রাহকদের হিসাব থেকে মোট ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকা স্থানান্তর, হস্তান্তর ও লেয়ারিং করে আত্মসাৎ করেন। মাহাবুবল হক চিশতীর পরিবারের সদস্যরা নিজেদের নামে ক্রয় করা ব্যাংকের শেয়ারের মূল্য পরিশোধের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেন। মামলার অপর আসামিরা হলেন বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী, স্ত্রী রোজী চিশতী, ব্যাংকের সাবেক এসভিপি জিয়া উদ্দিন আহমেদ (চাকরিচ্যুত) ও জামালপুরের বকশীগঞ্জ শাখার সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাসুদুর রহমান খান (চাকরিচ্যুত)। মামলার তদন্তকারী কর্মকর্তা ও  দুদক উপপরিচালক মো. সামছুল আলম এ বিষয়ে শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করবেন। গত বছরের ১০ এপ্রিল গুলশান মডেল থানায় এই মামলাটি করেন শামসুল আলম।