খালেদার মুক্তির দাবিতে গণ-আন্দোলন গড়ে তুলবে ২০ দলীয় জোট

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণ-আন্দোলন গড়ে তোলার কথা জানিয়েছে ২০ দলীয় জোট। গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেশ রূপান্তরকে বলেন, ‘চেয়ারপারসনের মুক্তির দাবিতে যেসব কর্মসূচি দেওয়া হচ্ছে তাতে জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের আরও বেশি সক্রিয় হওয়ার অনুরোধ জানানো হয়েছে। জোট নেতারা এ বিষয়ে একমত হয়েছেন।’

বৈঠকে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা দেশ রূপান্তরকে জানান, জাতীয় ঐক্যফ্রন্ট করার পর থেকে ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেওয়া হয়েছে বলে তারা বৈঠকে অভিযোগ করেছেন। যেহেতু কারাবন্দি খালেদা জিয়া নিজেই ২০ দলীয় জোট গঠন করেছেন সেহেতু জোটকে বেশি গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরা হয়েছে। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় ৩ মাস পর এ বৈঠক অনুষ্ঠিত হলো। ঘণ্টাব্যাপী এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।