বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শিক্ষকের বিচার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ ওঠা শিক্ষকের শাস্তির দাবিতে গতকাল সোমবারও আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো তারা ক্লাস-পরীক্ষা বর্জন ও বিক্ষোভ করেন। দাবি পূরণ না হলে আজও আন্দোলন চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের চতুর্থ তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। অভিযুক্ত সহকারী অধ্যাপক মো. আক্কাস আলীকে এরই মধ্যে সিএসই বিভাগের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এর আগেও বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা ঘটেছে কিন্তু কোনোটিরও যথোপযুক্ত বিচার হয়নি, তদন্ত কমিটি গঠনের নামে শুধু কালক্ষেপণ করা হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আক্কাস আলীকে স্থায়ীভাবে বহিষ্কার না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব। তারা বলেন, আক্কাস আলী যৌন হয়রানি ছাড়াও নানা ধরনের দুর্নীতিতে যুক্ত।