বাবার পরিচালনায় পূজা-আলিয়া

প্রায়ই আলিয়া ভাটের প্রশংসা শোনা যায় সৎবোন পূজা ভাটের মুখে। এবার দুই বোন একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।

সিনেমাটি পরিচালনা করবেন তাদের বাবা মহেশ ভাট। পূজা এর আগে বাবার পরিচালনায় অভিনয় করলেও এবারই প্রথম করছেন আলিয়া।

দুই বোন আড়াই দশক আগের সুপারহিট ছবি ‘সড়ক’-এর সিক্যুয়েলে অভিনয় করবেন। প্রথম সিনেমাটিতে পূজার বিপরীতে ছিলেন সঞ্জয় দত্ত। এই নায়ককেও দেখা যাবে ‘সড়ক টু’তে।

জানা গেছে, নতুন সিনেমাটিতে আলিয়ার বিপরীতে অভিনয় করছেন আদিত্য রায় কাপুর। ইতিমধ্যে মুক্তি প্রতীক্ষিত ‘কলঙ্ক’ সিনেমায় জুটি হয়েছেন তারা। আর ‘সড়ক টু’র মাধ্যমে বহুদিন পর পরিচালনায় ফিরবেন মহেশ ভাট।

ছবিতে নতুন সংগীতায়োজনে থাকছে জনপ্রিয় গান ‘তুমহে আপনা বনানে কি কসম’। সব ঠিক থাকলে মে মাসে এই ছবির শুটিংয়ে যোগ দেবেন আলিয়া। আর ‘সড়ক টু’ মুক্তি পাবে ২০২০ সালের ২৫ মার্চ।