নিহত আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার আদেশ বহাল

সুপ্রভাত বাসের ধাক্কায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষের করা আবেদন খারিজ করে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ মার্চ আবরারের পরিবারকে সাত দিনের মধ্যে ১০ লাখ টাকা জরুরি খরচ দিতে সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে সুপ্রভাত কর্তৃপক্ষ।

রিট আবেদনকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল নিজে শুনানিতে অংশ নেন। অন্যদিকে আদালতে সুপ্রভাত পরিবহনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম বদরুদ্দোজা।

গত ১৯ মার্চ বসুন্ধরা আবাসিক এলাকার সামনে নর্দ্দায় সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় আবরার নিহত হন। এ ঘটনার প্রতিবাদে বাসচালক ও মালিকের বিচার দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়। বাতিল করা হয় সুপ্রভাতের রুট পারমিট।