আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩ মার্কিন সেনা নিহত

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় তিন মার্কিন সেনা এবং একজন সামরিক কন্ট্রাক্টর নিহত হয়েছে। সোমবার দেশটির বাগরাম বিমান ঘাঁটির কাছেই মার্কিন সেনাবহরে এ হামলা চালানো হয়।

ন্যাটো সূত্রে বার্তা সংস্থা এএফপি জানায়, এ বোমা হামলায় আরও তিন মার্কিন সেনা আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আফগানিস্তানে আবারও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে তালেবানরা। ইতিমধ্যে অর্ধেক দেশই দখল করে নিয়েছে এ জঙ্গি গোষ্ঠী। প্রায়ই সপ্তাহে আফগান সেনা ও পুলিশের ওপরে কোনো না কোনো হামলা চালিয়ে যাচ্ছে তারা।

এ বছরেই মার্কিন সেনাদের ওপর আরেক বোমা হামলায় ৭ জন নিহত হয়েছিল। তালেবানরা এ হামলার দায় স্বীকার করে দাবি করে যে, তারা একটি সাঁজোয়া যান সম্পূর্ণ ধ্বংস করে।

২০১৪ সালের শেষ নাগাদ মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর ওপর ধারাবাহিক হামলা শুরু হয়। ২০১৮ সালের পরিসংখ্যান মতে, দেশটিতে এখন পর্যন্ত ২ হাজারেও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে।

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য সরিয়ে নেওয়া হলেও এখনও ১৪ হাজারের মত সেনা দেশটিতে অবস্থান করছে। তারা সেখানে আফগান সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ ও অভিযানে সহায়তার কাজে যুক্ত আছে।