রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বড় বড় আমবাগানগুলোতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার রোধে সেখানে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সম্পর্কিত এক সম্পূরক আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার এ আদেশ দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
আদালতের এ আদেশ দ্রুত বাস্তবায়ন করতে পুলিশের আইজিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতনদের নির্দেশ দেয়া হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আদালতে আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।
আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।