কংগ্রেসের দ্বিগুণ সিট পাবে বিজেপি জোট: জরিপ

ভারতের জাতীয় নির্বাচনের আগে অধিকাংশ জরিপে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সম্ভাব্য বিজয়ী বলা হচ্ছে। একাধিক জরিপের ফলাফল বিশ্লেষণ করে এনডিটিভি এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেস বলছে, এবার রাহুল গান্ধীর কংগ্রেস এবং এর নেতৃত্বাধীন ইউপিএ জোটের চেয়ে মোদি আর তার অনুসারীরা দ্বিগুণ সিট পাবে।

সমীক্ষার গড় বিবেচনায় নিয়ে এনডিটিভির দাবি, কংগ্রেস ৮৮টির মতো সিট পাবে। ২০১৪ সালে তারা পেয়েছিল ৪৪টি। বলা হচ্ছে, কংগ্রেস এবং তার সহযোগী দল সব মিলিয়ে পাবে ১৪০টি আসন। সেখানে বিজেপি পেতে পারে ২২৮টি। জোটের সঙ্গে মিলিয়ে তাদের মোট সিট হতে পারে ২৭৪টি! যা কংগ্রেস জোটের প্রায় দ্বিগুণ।

অন্যদিকে ঘোষিতভাবে কংগ্রেস বা বিজেপির সঙ্গে নেই এমন দল ১২৯টি আসন পেতে পারে।

বৃহস্পতিবার থেকে শুরু হবে দেশটির লোকসভা নির্বাচন। এবার সাত দফায় ভোট হবে। ফল প্রকাশ হবে ২৩ মে।

সংসদের ৫৪৩টি আসনের মধ্যে ২৭২টিতে জিতলে সরকার গঠন করতে পারে কোনো দল বা তাদের জোট।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেস তাদের একটি প্রতিবেদনে তিনটি জরিপের কথা উল্লেখ করেছে। India TV-CNX’র বরাত দিয়ে বলা হচ্ছে, বিজেপি এবার এককভাবে ২৪০টি সিট পেতে পারে। তাদের জোট পেতে পারে ২৯৫টি!

বিপরীতে কংগ্রেস পেতে পারে ৮৪টি। তাদের জোট পেতে পারে ১২৭টি।

Times Now-VMR’র বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, বিজেপি জোট পেতে পারে ২৭৯টি। বিপরীতে কংগ্রেস জোট ১৪৯টি।

ABP News-C Voter Survey’র বরাত দিয়ে বলা হচ্ছে, বিজেপি জোট পাবে ২৬৭টি আসন। এর মধ্যে বিজেপি এককভাবে পেতে পারে ২২২টি। অন্যদিকে কংগ্রেস জোট পেতে পারে ১৩৭টি; এখানে কংগ্রেসের সম্ভাব্য আসন ৯১টি।