দুর্ঘটনায় আহত আর্জেন্টিনা কোচ

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মঙ্গলবার সকালে মায়োর্কার বেলারিক আইসল্যান্ডে এই ঘটনা ঘটে।

৪০ বছর বয়সী স্কালোনি সেখানে নিজ বাড়ির সামনে সাইক্লিং করছিলেন। এ সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

মার্কা একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলেছে, গাড়িটি স্কালোনি সাইকেলকে আঘাত করার পর সে সম্মুখ মুখী হয়ে পড়ে যান।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষে অবশ্য টুইট করে জানানো হয়েছে, স্কালোনি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরেছেন।

স্কালোনি বেশির ভাগ সময় পার করেন মায়োর্কাতেই। খেলা না থাকলে সেখানে নিজের কেনা বাড়িতেই সময় কাটে তার। 

২০১৮ সালের নভেম্বরে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পান স্কালোনি। রাশিয়া বিশ্বকাপে সাম্পাওলির সহকারী হিসেবে ছিলেন তিনি। পরে সাম্পাওলি সড়ে দাঁড়ালে আপৎকালীন কোচ হিসেবে দায়িত্ব পান। এরপর কোপা আমেরিকা পর্যন্ত পূর্ণ কোচ হিসেবেই দায়িত্ব পেয়েছেন তিনি।