‘দেশে কার্যকরী কোনো বিরোধী দল নেই, বামপন্থীরাই রাজপথে’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ধনী ও লুটেরা গোষ্ঠী দিয়ে এ দেশের গরিব-মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। তাদের দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাও বাস্তবায়িত হবে না। স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়ত-শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড দৃশ্যমান না হলেও তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। এদের বিরুদ্ধে দেশবাসীকে সচেতন থাকতে হবে। গণতন্ত্র ও ভোটাধিকার আজ প্রশ্নবিদ্ধ। দেশে কোনো কার্যকরী বিরোধী দল নেই। সাধারণ মানুষের সমস্যা, দেশের সমস্যা ও দেশের সম্পদ রক্ষার লড়াইয়ে কমিউনিস্ট এবং বামপন্থীরা এখন রাজপথে আছে।

মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে শহরের সাত মাথায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দ্বি-দলীয় বৃত্তের বিপরীতে  বাম গণতান্ত্রিক বিকল্প শক্তিই দেশের ভবিষ্যত। এ কারণে তারা রাজপথে লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে জনগণের প্রতি আহ্বান জানান।

জেলা সিপিবি সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্নাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ প্রমুখ।