স্কুলে মডেল টেস্ট পরীক্ষা

শিক্ষার্থীদের কাছ থেকে ‘টাকা নিচ্ছেন’ শিক্ষক

গোপালগঞ্জের কোটালীপাড়ার গোপালপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে মডেল টেস্ট পরীক্ষার নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ৫০ নম্বরের পরীক্ষায় ফি বাবদ ১৫০ টাকা করে নেওয়া হচ্ছে। এতে অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে বিদ্যালয়টির প্রধান শিক্ষক চিত্তরঞ্জন ম-ল বলেন, ‘ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে আমি ছাত্রছাত্রীদের এই মডেল টেস্ট পরীক্ষা শুরু করেছি। আমি পরীক্ষার ফির কোনো অর্থ আত্মসাৎ করিনি।’ 

হায়দার হাওলাদার নামে এক অভিভাবক বলেন, উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পরীক্ষা হয়। কিন্তু সরকারের এই নির্দেশনা অমান্য করে আমাদের বিদ্যালয়ে মডেল টেস্ট নাম দিয়ে অতিরিক্ত পরীক্ষা নেওয়া হচ্ছে। এই পরীক্ষায় ৩৩৮ জন ছাত্রছাত্রীর কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা প্রধান শিক্ষক হাতিয়ে নিয়েছেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাহবুব দিপু, মুকুল হাওলাদার, আবু সাইদ সিকদার বলেন, ‘মডেল টেস্ট পরীক্ষার ব্যাপারে কমিটিতে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রধান শিক্ষক তার একক সিদ্ধান্তে এই পরীক্ষা নিচ্ছেন।’ 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান বলেন, ‘এ ধরনের মডেল টেস্ট পরীক্ষা নেওয়ার সরকারি কোনো বিধান নেই। এই মডেল টেস্ট পরীক্ষার মাধ্যমে প্রধান শিক্ষক যদি কোনো অর্থ হাতিয়ে নিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’