সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অগ্নিদগ্ধ আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির পৌর এলাকার উত্তর চরচান্দিয়া গ্রামের মেজ মৌলভি বাড়িতে নিরাপত্তা জোরদার করেছেন সোনাগাজী মডেল থানা পুলিশ।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, নুসরাত জাহান রাফির পরিবারের সকল সদস্য তার চিকিৎসার কাজে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন। এ মুহূর্তে তাদের বাড়িতে কেউ নেই। তা ছাড়াও যেকোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে চারজন পুলিশ সদস্যকে নিরাপত্তার জন্য মঙ্গলবার সকাল থেকে মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ৬ এপ্রিল শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যায় নুসরাত জাহান রাফি। সেখানে মুখোশপরা ৪/৫জন ছাত্রী তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। সে অস্বীকৃতি জানালে তারা গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সোমবার রাতে অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও পৌর কাউন্সিলর মুকছুদ আলমসহ ৮ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামালা দায়ের করেন অগ্নিদগ্ধ রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান।
এর আগে ২৭ এপ্রিল ওই ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। সে ঘটনার পর থেকে তিনি কারাগারে রয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রীর মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।