কঙ্কাল বিক্রি নিয়ে ছাত্রলীগের সংঘর্ষে বন্ধ রাজশাহী আইএইচটি

কঙ্কাল বিক্রির ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের পর রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার মধ্যে ছাত্রদের এবং ছাত্রীদের বুধবার সকাল ১০টার মধ্যে ছাত্রাবাস খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সংঘর্ষে আহত ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে নাফিউল ইসলাম ও আসমাউল হোসেন নামে দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। আসমাউলের মাথায় ২৪টি সেলাই দেওয়া হয়েছে।

এ ঘটনায় ছাত্রলীগের আইএইচটি শাখার সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় সভাপতিসহ আটজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ছাড়া আহত শিক্ষার্থী নাফিউল ইসলামের মা শরীফা বানু বাদী হয়ে একই ঘটনায় অপর একটি অভিযোগ দায়ের করেছেন।

আইএইচটি বন্ধ ঘোষণার পাশাপাশি ডিপ্লোমা কোর্স জানুয়ারি-২০১৯ এর অবশিষ্ট মৌখিক পরীক্ষাসমূহ এবং বিএসসিসহ ডিপ্লোমা কোর্সের সকল বর্ষের ক্লাসসমূহ স্থগিত ঘোষণা করা হয়েছে।