আরও বড় বাজেটে ফিরছেন পরিচালক কঙ্গনা

‘মণিকর্ণিকা’র মাধ্যমে পরিচালনায় অভিষেক হয়েছে কঙ্গনা রনৌতের। সিনেমাটি ভালো ব্যবসা করার পর নায়িকা জানান নির্দেশনাকে গুরুত্বের সঙ্গে দেখছেন। এবার জানালেন, তার পরের সিনেমার সবকিছু ঠিকঠাক। বাস্তব জীবনের গল্প অবলম্বনে নির্মাণ করবেন এই এপিক অ্যাকশন ড্রামা।

কইমই ডটকম জানায়, সমসাময়িক অন্যান্য এপিকধর্মী সিনেমার চেয়ে আলাদা কিছু করতে যাচ্ছেন কঙ্গনা। কাহিনিও এই সময়ের।

এ অভিনেত্রী জানান, ইতিমধ্যে চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। এই অ্যাকশন-এপিক সিনেমাটি নির্মাণে বেশ সময় লাগবে। শিগগিরই সিনেমাটির জন্য ফটোশুট হবে, এরপর প্রকাশ হবে প্রথম পোস্টার।

আরও জানান, নারীকেন্দ্রিক সিনেমার জন্য বেশি বাজেট পাওয়া সমস্যা। তবে আগের সিনেমার সাফল্যের কারণে তাকে এ সমস্যা পড়তে হচ্ছে না।

‘মণিকর্ণিকা’য়ও বাজেটের ক্ষেত্রে আপস করেননি প্রযোজক। ছবিটি বক্স অফিসে একাধিক রেকর্ড করেছে। নারীকেন্দ্রিক সিনেমার মধ্যে প্রথম তিন দিনের আয়েও রয়েছে এক নম্বরে। এ ছাড়া এটি কঙ্গনার তৃতীয় ১০০ কোটি ক্লাবের সিনেমা, যা তাকে আত্মবিশ্বাস দিয়েছে। এখন বাজেট তার কাছে সমস্যা নয়।

অবশ্য সহসাই সিনেমাটির কাজ শুরু হচ্ছে না। বর্তমানে নারী কুস্তিগিরের গল্পে নির্মিত ‘পাঙ্গা’ নিয়ে ব্যস্ত আছেন কঙ্গনা। সম্প্রতি দিল্লিতে কিছু অংশের দৃশ্যায়ন হয়েছে, শিগগিরই ক্যামেরা ওপেন হবে কলকাতায়। এরপর তিনি তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী ও অভিনেত্রী জয়ললিতার বায়োপিকে পা গলাবেন। আর মুক্তির অপেক্ষায় রয়েছে রাজকুমার রাও-এর বিপরীতে অভিনীত ‘মেন্টাল ক্যায়া হ্যায়’।